ইউটিউবে ৩৩১ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার নিয়ে বিশ্বের সবার ওপরে আছেন জেমস স্টেফেন ডোনাল্ডসন। ‘মিস্টার বিস্ট’ নামেই যিনি সবচেয়ে বেশি পরিচিত। ‘মিস্টারবিস্ট’ নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কর্ণধার তিনি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রোনালদোর ‘ইউ আর ক্রিশ্চিয়ানো’ চ্যানেলে অতিথি হয়ে আসেন মিস্টার বিস্ট। সেখানে মিস্টার বিস্ট জানান, ৬০ মিলিয়ন ফলোয়ার হতে তার লেগেছে প্রায় ১৩ বছর, আর পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো তা করেছেন মাত্র ১ মাসে।
রোনালদোর ইউটিউব চ্যানেলে আড্ডায় বসেন দুই বিখ্যাত পাবলিক ফিগার। সৌদি আরবে শ্যুট করা ১৪ মিনিটের সেই ভিডিওর থাম্বনেইলে লেখা ‘দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট’।
বিস্টের কাছে রোনালদো প্রশ্ন করেন, ‘যখন আমি চ্যানেল খুলতে যাচ্ছিলাম, তখন তুমি কী ভেবেছিলে?’ জবাবে বিস্ট বলেন, ‘সত্যি বলতে আমি ভেবেছি, হয়তো প্রথম মাসে ২০ বা ৩০ মিলিয়ন হবে। সেখানে ৬০ মিলিয়ন হয়ে গেল। মাই গড!’
বিস্টকে রোনালদো প্রশ্ন করেন, ‘৬০ মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে তোমার কত সময় লেগেছিল।’ জবাবে বিস্ট বলেন, ‘সম্ভবত ১৩ বছর।’ রোনালদো এরপর জিজ্ঞেস করেন, ‘আমি কি তোমাকে ফলোয়ারের দিক দিয়ে হারাতে পারব?’ প্রশ্ন করার পর পর্তুগিজ তারকা নিজেই অট্টহাসি দিলেন। বিস্ট মাইক্রোফোনের সামনে এসে চিৎকার করে বলেন, ‘না। তুমি পেশাদার ফুটবলার। এখনো অনেক দূর যাওয়া বাকি।’
গত আগস্টে ইউটিউবে চ্যানেল খোলার পরপরই নতুন রেকর্ড গড়েন রোনালদো। মাত্র এক সপ্তাহের মধ্যেই সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে ইউটিউবে রোনালদোর সাবস্ক্রাইবারের সংখ্যা ৬ কোটি ৭০ লাখ।