ব্রিটেনে তিনটি মার্কিন বিমান ঘাঁটিতে রহস্যজনক ড্রোন

ব্রিটেনে মার্কিন বিমান বাহিনীর ব্যবহৃত তিনটি ঘাঁটির ওপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশ দুটি।

গত বুধবার থেকে শনিবারের (২৩ নভেম্বর) মধ্যে রয়্যাল এয়ার ফোর্সের ল্যাকেনহিথ, মিল্ডেনহল এবং ফেল্টওয়েল ঘাঁটির ওপর দিয়ে এসব রহস্যজনক ড্রোন উড়তে দেখা গেছে।

ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ড্রোনগুলোর অনুপ্রবেশ ঘাঁটির বাসিন্দা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে প্রভাবিত করেনি।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আমরা হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং প্রতিরক্ষা সাইটগুলোতে জোরালো ব্যবস্থা অব্যাহত রেখেছি। এর মধ্যে রয়েছে ড্রোনবিরোধী নিরাপত্তা সক্ষমতা।

দুই দেশই বলেছে, তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না। তিনটি গুরুত্বপূর্ণ ঘাঁটিই পূর্ব ইংল্যান্ডে একে অপরের কয়েক মাইলের মধ্যে অবস্থিত।