মরু অঞ্চলের ফল সাম্মাম বা রকমেলন। অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা এই ফলটি দেখতে অনেকটা তরমুজের মতো। রসালো এই ফলটি বাংলাদেশের বাজারে সবচেয়ে দামি ফলের তালিকায় রয়েছ। এখন সাতক্ষিরার তালায় বাণিজ্যিকভাবে এই ফলের চাষ হচ্ছে। সহজ চাষ পদ্ধতি ও অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে বেশ আগ্রহ সৃষ্টি করেছে ফলটি। তাছাড়া নতুন এ ফলের চাহিদাও বাজারে ভালো বলে জানান কৃষকরা।
উপজেলার তেঁতুলিয়া গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, উন্নয়ন প্রচেষ্টা নামের একটি বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি বাণিজ্যিকভাবে রকমেলন ফল চাষ করে লাভবান হয়েছিলেন। এ বছরও তিনি ২০শতাংশ জমিতে জাম্বু জাতের রকমেলন বা সাম্মাম চাষ করে ২৭ হাজার টাকা লাভ করেছেন। ২০ শতাংশ জমিতে মোট ৪৫ হাজার টাকা ব্যয় করে ফলানো ফসল ৭২ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।
একটি রকমেলনের ওজন ২ থেকে ৩ কেজি পর্যন্ত হয়ে থাকে। এছাড়া বাজারে বড় সাইজের ফল ৮০ টাকা ও মাঝারি গুলো ৫০টাকা কেজি বিক্রি হয়ে থাকে।
তিনি আরও জানান, বীজ রোপণ থেকে রকমেলন উত্তোলন পর্যন্ত প্রায় ৭০ দিন সময় লাগে, যা অন্য যে কোনো ফসলের তুলনায় খুবই কম। আগামীতে আরও বড় পরিসরে ফসলটি চাষ করবেন বলে জানান তিনি।
আরেক কৃষক ফরিদা বেগম বলেন, তিনি ১৫ শতক জমিতে রকমেলন চাষ করে প্রায় ২০ হাজার টাকা লাভ পেয়েছেন।
এদিকে ভায়ড়া গ্রামের কৃষক জানান , ১৬ শতাংশ জমিতে রকমলেন ফল চাষ করে বেশ সাফল্য পেয়েছেন তিনিও। ১৬ শতাংশ জমিতে রকমেলন উৎপাদনে খরচ হয়েছে ২৫ হাজার টাকা এবং বিক্রি করেছেন প্রায় ৪৫ হাজার টাকা। এতে প্রায় ২০ হাজার টাকা লাভ হয়েছে তার।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান জানান, রকমেলন পুষ্টিগুণে অনন্য। বিভিন্ন এন্টি-অক্সিডেন্ট সম্পন্ন এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি। যা উচ্চ রক্তচাপ, এজমা কমিয়ে দেয়। এতে উপস্থিত বেটা ক্যারোটিন ক্যান্সার রোধ করে।
উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেন জানান, তালা উপজেলার নগরঘাটা ও তেঁতুলিয়া ইউনিয়নের ৫জন কৃষককে রকমেলন চাষের উপর উন্নত প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিকভাবে ফসলটি চাষ করেছেন। এটি নতুন ফসল হলেও প্রত্যেক কৃষক এটি চাষে লাভবান হয়েছে বলেও জানান তিনি।এসব কৃষকদের দেখে অনেকেই রকমেলন চাষে আগ্রহ প্রকাশ করছেন। এছাড়া বিদেশি এই ফলের চাষ সংক্রান্ত বিষয়ে পরামর্শও নিতে আসছেন।
তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, উপজেলাতে কয়েকজন কৃষক পরীক্ষামূলকভাবে রকমেলন চাষ করে বেশ সাফল্য পেয়েছেন। তবে স্বল্প সময়ের লাভজনক একটি ফসল এটি। রকমেলন যদিও এটি মরু অঞ্চলের ফসল। অত্র অঞ্চলের মাটি ও আবহাওয়া সবধরনের ফসলের উপযোগী। তাই আগামীর জন্য সম্ভাবনাময় বলা যেতে পারে ফসলটিকে।