কিংসের মাঠে খেলবে না মোহামেডান 

গত ২২ অক্টোবর বসুন্ধরা কিংসের মাঠে অনুষ্ঠিত মৌসুমের প্রথম এক ম্যাচের টুর্নামেন্টে বসুন্ধরা ৩-১ গোলে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেই ম্যাচে মোহামেডান ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় বসুন্ধরা কিংসের সমর্থকরা মোহামেডানকে কেন্দ্র করে মোহামেডানের সীমানায় স্মোক ফ্লেয়ার ছুড়ে মেরে খেলা বন্ধ করে দেয়। চারটি স্মোক ফ্লেয়ার ছোড়া হয় মাঠে। 

এতে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় মাঠ। তারপর খেলা শুরু হলে দুই মিনিটের মধ্যে মোহামেডান গোল হজম করে। এ সব নিয়ে মোহামেডান গতকাল একটি প্রতিবাদ পাঠিয়েছে বাফুফে ভবনে। সেই ফাইনালে ইচ্ছাকৃতভাবে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে বলে মোহামেডানের দাবি। মোহামেডানের গোলপোস্টের পেছনে ৫০-৬০ জনের একটি দল অশ্রাব্য ভাষায় খেলোয়াড়দের গালিগালাজ করে এবং ভুভুজেলা বাঁশি বাজিয়ে মোহামেডানকে বিরক্ত করে। 

খেলা নষ্ট করে বসুন্ধরা কিংসকে জেতানোর চেষ্টা করা হয়েছিল বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন কিংসের দুই সমর্থক। তারা একটি টিভি সাক্ষাৎকারে পরিষ্কার করে জানিয়েছেন, বসুন্ধরাকে জেতানোর জন্যই স্মোক ফ্লেয়ার ছুড়ে মেরে খেলা বন্ধ করেছেন। 

বসুন্ধরা কিংসের উগ্র সমর্থকরা এ ধরনের কাজ করায় বাফুফের কাছে প্রতিবাদ জানিয়ে বলেছে, কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে বিষয়টি ফিফাকে অবহিত করতে বাধ্য হবে। কিংসের মাঠে নিরাপত্তা নেই বলে ভবিষ্যতে ওখানে খেলতে যাবে না বলে বাফুফেকে জানিয়েছেন মোহামেডান।