চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র্যাগিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৬ নভেম্বর) চুয়েটের স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টায় কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের বাইরে ইমাম গাজ্জালি ডিগ্রি কলেজের সামনে এনে হেনস্তা করার অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদের অভিযুক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১০ ডিসেম্বর অফিস সময়সূচীর মধ্যে তাদের ছাত্রকল্যাণ অধিদপ্তরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। এছাড়া অভিযুক্ত ছাত্রদের ১১ ডিসেম্বর বেলা তিনটায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে শুনানি বোর্ডে উপস্থিত থেকে স্বপক্ষে বক্তব্য উপস্থাপন করতে পারবেন। সেজন্য তাদের ওইদিন ব্যক্তিগত শুনানির জন্য বেলা ১১টার মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরে লিখিত আবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম বলেন, নবীন শিক্ষার্থীদের সহযোগিতা করা প্রয়োজন। সেটা না করে র্যাগিং করা অমানবিক। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। র্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।