বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনার বিষয়ে যা জানালেন মাহফুজ আলম

কমিউনিকেশন গ্যাপ যাতে না থাকে সেজন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করার কথা বলেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পরে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এই দুই বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, বিষয়গুলো আমরা গভীর নজরে দেখছি। আমরা খুব স্বল্প সময়ে উদ্যোগ নেব। যারা মাজারে হামলার শিকার হয়েছেন, তারা যেন ন্যায়বিচার পান সেই বিষয়ে সরকারের নজর রয়েছে। দেশে যে উত্তেজনা-উন্মত্ততা রয়েছে। এ বিষয়ে সব রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে বসে সমাধান করতে পারব। আমরা সবার সমর্থন কামনা করছি।

তিনি আরও বলেন, তাদের প্রস্তাবনা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ দূর করার জন্য অংশীজনদের সঙ্গে বসার জন্য। সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। সামনের দিনেও যোগাযোগ করব। জাতীয় ঐক্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায় সেই পরামর্শ সবাই দিয়েছেন। এ ক্ষেত্রে সবাই আন্তরিক। দেশের মানুষ ও রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিজম ফেরত আসবে না বলে মনে করেন মাহফুজ আলম।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।