ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। মেডিকেল সূত্রের বরাত দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় অঞ্চলগুলোতে বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে। সেইসঙ্গে গাজার উত্তর এবং দক্ষিণে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্স তাদের বৃহস্পতিবারের রিপোর্টে বলেছে, গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়াতে কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি বাড়িতে হামলা হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া খান ইউনিসে একটি মোটরসাইকেলে ইসরায়েলি বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছে।
পরবর্তী সময়ে খান ইউনিসের পূর্বাঞ্চলে একটি তাবুর কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত পাঁচজন। এ ছাড়া নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিমান দিয়ে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ১১ জন।
জাতিসংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভিক্ষ আসন্ন, গাজার বেশিরভাগ পানির সররবাহ ব্যবস্থা নিরাপদ নয়। কোথাও যাওয়ার জায়গা নেই, পরিবারগুলো বাধ্য হয়েও পরিত্যক্ত বাড়ি বা খোলা জায়গায় বসবাস করছে।