লিটন চৌধুরী আবারও সংসদীয় কমিটির সম্পাদক, শিবচরে কলেজে কলেজে আনন্দ মিছিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরী (দাদা ভাইয়ের) সন্তান নূর-ই-আলম চৌধুরী লিটন এমপিকে আবারও আওয়ামী লীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শিবচরে কলেজে কলেজে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। 

শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলা ছাত্রলীগ, বাকসু, কলেজ ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত উপজেলা সরকারী বরহামগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বাদ্যের তালে তালে আনন্দ মিছিল বের করে। মিছিলটি কিছুদূর যাওয়ার পর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খানসহ (তোতা) আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একতা প্রকাশ করে মিছিলে যোগ দেন। পরে মিছিলটি শিবচর পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিব ঢালী, সরকারী বরহামগঞ্জ কলেজের ভিপি সায়েখ হাওলাদার, পৌরসভা ছাত্রলীগ সভাপতি হাবিব বেপারী, সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি শাওন ইসলামসহ আরো অনেকে বক্তব্য দেন। এছাড়াও ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ ও ইলিয়াছ আহমেদ চৌধুরী কলেজেও আনন্দ মিছিল বের হয়। 

আরো পড়ুন: ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা, হাতেনাতে শিক্ষক গ্রেফতার

সমাবেশগুলোতে ছাত্রলীগ নেতৃবৃন্দরা বলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী সর্বক্ষণ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির পাশে থেকে শিবচরের ব্যাপক উন্নয়নের সহযোগিতা করছেন।

উল্লেখ্য, গত ১১ জুলাই বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনস্থ সরকারি দলের সভাকক্ষে নূর-ই-আলম চৌধুরী লিটন এমপিকে আবারও আওয়ামী লীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নূর-ই-আলম চৌধুরী লিটন মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে টানা ছয়বার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতিসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদের হুইপ ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং দশম জাতীয় সংসদে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। 

ইত্তেফাক/এমআই