নাইজেরিয়ার মধ্যাঞ্চলে নাইজার নদীতে নৌকাডুবিতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র ইব্রাহিম অদু আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নৌকাটি প্রায় ২০০ যাত্রী নিয়ে কোগি রাজ্য থেকে পার্শ্ববর্তী নাইজার রাজ্যে যাচ্ছিল। পথে বৃহস্পতিবার গভীর রাতে এটি ডুবে যায়।
কোগি রাজ্যের জরুরি সেবা বিভাগের মুখপাত্র সান্দ্রা মুসা জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকর্মীরা নদী থেকে ২৭ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। স্থানীয় ডুবুরিরা নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
মুসা বলেন, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। তবে নৌপথে অশান্তি, নৌকা পুরোনো হয়েও যাওয়া এবং লাইফ জ্যাকেটের অভাবে মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে বলে মনে করেন তিনি। কেননা উদ্ধার হওয়া লাশগুলোর কারও গায়ে লাইফ জ্যাকেট ছিল না।
নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির অপারেশনের দায়িত্বে থাকা জাস্টিন উওয়াজুরুওনি জানান, উদ্ধারকারীদের কয়েক ঘণ্টা ধরে দুর্ঘটনাস্থল খুঁজে পেতে সমস্যা হচ্ছিল।
কোগি রাজ্যের গভর্নর আহমেদ উসমান ওদোদো এক বিবৃতিতে বলেছেন, নিহতদের বেশিরভাগই নারী, ব্যবসায়ী ও কারিগর, যারা জীবিকা নির্বাহ ও রাজ্যের অর্থনীতিতে অবদান রাখার জন্য বৈধ ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত।