সেন্টমার্টিন পৌঁছেছে এ মৌসুমের পর্যটকবাহী প্রথম জাহাজ। এ সময় লাল গোলাপ ফুল দিয়ে পর্যটকদের বরণ করে নেন দ্বীপের বাসিন্দারা।
রোববার (১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ৬৫৩ জন যাত্রী নিয়ে জাহাজটি সেন্ট মার্টিন জেটিঘাটে পৌঁছে। এর আগে, সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে রওয়ানা হয় জাহাজটি।
সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, বিকাল ৪টার দিকে পর্যটকরা সেন্ট মার্টিনে পৌঁছেছেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। পর্যটকদের কোনো ধরনের সমস্যা হয়নি।
সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, আজ প্রথম দিনে ৬৫৩ জন যাত্রী নিয়ে একটি জাহাজ সেন্ট মার্টিন গিয়েছে। পর্যটকরা সুস্থভাবেই পৌঁছেছেন।
জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ট্রাভেল পাস যাচাই শেষে পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করা হয়। জাহাজে প্রবেশের সময় পর্যটকরা তাদের সঙ্গে থাকা পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য নিকটস্থ গার্বেজ বিনে জমা দেন। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে তাদের বিনামূল্যে কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।