মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার সীতারামপুর এলাকায় শনিবার বিকালে ৫টার দিকে প্রাইভেটকার উল্টে মহসিন সর্দার (৫০) নামে যশোরের এক বই ব্যবসায়ী ও তার স্ত্রী রীনা বেগম (৪৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন (১৬) ও ভাতিজা হাসান ইমাম (১৪)। তাদের মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হতাহতদের বাড়ি যশোরের কাজি পাড়ায়।
মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিকাল ৫ টার দিকে নিজস্ব প্রাইভেট কারে যশোরের জনতা লাইব্রেরির মালিক মহসিন সর্দার, তার স্ত্রী রীনা বেগম, মেয়ে তাসমিন, ভাতিজা হাসান ইমাম পারিবারিক প্রয়োজনে যশোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। মহসিন সর্দার কারটি নিজেই ড্রাইভ করছিলেন। তাদের বহনকারী প্রাইভেটকারটি মাগুরা শহরের কাছিকাছি সীতারামপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ঢাক্কা লাগে। এসময় মহসিন সর্দার ও তার স্ত্রী রীনা বেগম ঘটনাস্থলে নিহত হন। আহত হয় ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন ও ভাতিজা হাসান ইমাম। নিহতদের মরদেহ মাগুরা সদর হাসপাতাল লাশঘরে রাখা হয়েছে।
আহত দু’জনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ইত্তেফাক/এমআই