সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরলো তিন প্রাণ

দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিম উদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আর আহত দুজন হলেন- শাহাবুদ্দিন ও আব্দুল জলিল। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

মজিবুর রহমানের ভাগিনা হাকীম কোম্পানি বলেন, মজিবুর মামাসহ গাড়িতে ৫ জন ছিল। তারা সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নেওয়ার সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দুরপাল্লার বাস দ্রুতগতিতে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারটিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অন্য দুইজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল ও ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। এ ছাড়া আমরা ঘটনাস্থলে গিয়ে কোনো মরদেহ পাইনি। মরদেহগুলো তাদের স্বজনেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। তাদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।