পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত 

১৯৭১ সালের ৩ ডিসেম্বর মুক্তিবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীরের অধীন দুই শতাধিক গেরিলা ও মিত্রবাহিনীর প্রবল আক্রমণের মুখে ক্যাপ্টেন জাহিদের নেতৃত্বাধীন পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা পীরগঞ্জ ছাড়তে বাধ্য হয় এবং বীরগঞ্জ হয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্টের দিকে পালিয়ে যায়। 

এ দিনেই মুক্তিবাহিনীর  গেরিলা নেতা যথাক্রমে মুন্সিপাড়ার শহীদুল্লাহ্ শহিদ, মকিম উদ্দিন আহম্মেদ, জগথার আব্দুল আজিজ, বীরহলীর তালেবুর রহমান ও কাচন ডুমুরিয়ার আখতারুজ্জামানের নেতৃত্বাধীন দুই শতাধিক গেরিলা মুক্তিসেনা বীরবিক্রমে পীরগঞ্জে প্রবেশ করেন এবং পীরগঞ্জকে পাকিস্তানী হানাদার মুক্ত ঘোষণা করেন। এরপর  মুক্তিসেনা ও মিত্রবাহিনীর একটি ইউনিট পীরগঞ্জে প্রবেশ করে। সে দিন থেকেই ‘৩ ডিসেম্বর পীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

এ উপলক্ষে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালিত হয়। প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিসৌধ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমানসহ অনেকে।