ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের (মাহেন্দ্র) ধাক্কায় হারুন অর রশীদ ও আব্দুল খালেক নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও আহত আব্দুল খালেক একই জেলার কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়া গ্রামের এনামুল হকের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত হারুন ও খালেক ধান ক্রয় ব্যবসায়ী। তারা ব্যবসায়িক কাজ শেষে পীরগঞ্জ থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কের উপজেলা গুয়াগাঁও মহল্লার মহিলা কাওমী মাদ্রাসার সামনে মহেন্দ্র ট্রলির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হারুন অর রশিদ ঘটনার স্থলেই মারা যান। গুরুতর আহত হন আব্দুল খালেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিত্সার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথেই মারা যান তিনি।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম, ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।