যশোরে উপদেষ্টা সাখাওয়াত হোসেন

‘ভারতের অপপ্রচারে ক্ষতি নেই, আমাদের চিকিৎসা-বাজার সবই আছে’

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,  ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে। আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন।

তিনি আরও বলেন, পুরো পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। 

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। 

কোনো ধরনের উসকানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি। সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। কিছু সময় বিভ্রান্তির সৃষ্টি হয়। এর জন্য দরকার সবার ঐক্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি গতবার কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করে গিয়েছিলাম, কিন্তু বন্দরের কিছু সমস্যা ছিল যেমন স্ক্যানার মেরামত করতে বলছিলাম এবং আরও অন্যান্য বিষয়ের কাজ দিয়েছিলাম। তাই সেগুলো সচল আছে কি না এবং বন্দরের বাণিজ্য বন্ধ আছে কি না সার্বিক বিষয় ঘুরে দেখলাম।

বন্দর পরিদর্শন শেষে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আব্দুলাহর কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে যান।