মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৬

কুমিল্লা হোমনা উপজেলায় পাওনা টাকা নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় জন আহত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলার কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. মিজানুর রহমান, মো. জুয়েল, খাজা আহম্মেদ, কাতেবুর রহমান, আবদুল রহমান, মো. সাগর। আহত কাতেবুর রহমান ও খাজা আহম্মদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টার দিকে পাওনা টাকা নিয়ে কাশিপুর গ্রামের আবদুর রহমানের সাথে ওমরাবাদ গ্রামের জুয়েল মিয়ার বাগবিতণ্ডা হয়। এ ঘটনা মীমাংসা করার জন্য ওমরাবাদ গ্রামের কিছু লোক বাজারে আসলে কাশিপুর গ্রামের মসজিদে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাদেক সরকার বলেন, পাওনা টাকা নিয়ে জুয়েল ও রহমানের মধ্যে বাগবিতণ্ডা হয়। এটিকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দিনভর উত্তেজনা বিরাজ করলেও এখন এলাকা শান্ত রয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে দুই যুবকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।