নিজের লেখা বই নিয়ে কয়েকটি অনুষ্ঠানে গিয়েছিলেন। একটি বইও বিক্রি করতে পারেননি। অতঃপর চেমসফোর্ডের গ্যলিউড হেরিটেজ সেন্টারে অনুষ্ঠিত ইভেন্টে ২টি বই বিক্রি হয়। খুশিতে লেখিকা এই বই বিক্রির সংখ্যা পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই পোস্ট ভাইরাল হয়ে অপ্রত্যাশিত ভাবে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের তালিকায় উঠে এসেছে তার লেখা বইগুলোর নাম। খবর বিবিসির।
ব্রিটেনের সেই লেখিকার নাম ভিকি বল। ‘পাওয়ারলেস’ আর ‘অ্যাবান্ডনেড’ নামক দু’টি বই লেখেন এই লেখিকা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বইগুলো অর্ডার করছেন, যা এই লেখিকাকে বেস্টসেলারের তালিকার শীর্ষে পৌঁছে দিয়েছে।
এরমধ্যে বেস্ট সেলারের তালিকার শীর্ষে রয়েছে ‘অ্যাবান্ডনেড’। বইটির প্রথম স্থানে থাকার একটি স্ক্রিনশটি এক্স এ পোস্ট করে লেখিকা লিখেছেন, ‘মনে হচ্ছে আমি একটি অদ্ভুত স্বপ্নের মধ্যে রয়েছি যেখানে অনেকেই আমার বই কিনছেন!'’ বইটি একটি মায়ের গল্প, যেখানে রয়েছে অন্ধকার কিছু রহস্যের ছোঁয়া।
অন্যদিকে এই তালিকায় থাকা এই লেখিকার লেখা ‘পাওয়ারলেস’ বইটি রহস্যময় থ্রিলার উপন্যাস। এটি মূলত একটি নিখোঁজ মেয়ের বাড়ি ফেরার গল্প। বইটি লেখিকা লিখেছিলেন ২০২০ সালে কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়।
চেমসফোর্ডের গ্যালিউড হেরিটেজ সেন্টারে অনুষ্ঠিত ইভেন্টে যোগ দেওয়ার আগেও কয়েকটি ইভেন্টে চেষ্টা করেছেন বই বিক্রি করার। অবশেষে এই ইভেন্টে বিক্রি হয় ২টি বই। মাত্র দুটি বই বিক্রি হওয়ার পরেও বেশ ইতিবাচকভাবে এক্স-এ পোস্ট করেন তিনি। লিখেন, ‘এর আগেও আমি বেশ কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তবে সেখানে আমি একটি বইও বিক্রি করতে পারিনি।’ ভিকি বলের করা সাধারণ সেই পোস্টটি খুব অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়।