৩০০ কোটি টাকা আত্মসাত্
ইত্তেফাক রিপোর্ট
আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলাম গ্রাহকদের ৩০০ কোটি টাকা আত্মসাত্ করেছেন। শতকোটি টাকা পাচার করেছেন কানাডায় দুই ছেলের কাছে। গতকাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। অর্থ আত্মসাত্ মামলায় গত বৃহস্পতিবার মতিঝিল থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত শুক্রবার রমনা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশ। বংশাল থানায়ও তার বিরুদ্ধে মামলা আছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, ১৯৮৪ সালে আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের কার্যক্রম শুরু হয়। তাজুল ইসলাম ইসলামী ব্যাংকে ১৯৮৪ থেকে ২০০২ সাল পর্যন্ত চাকরি করেন। ২০০৫ সালে আজিজ কো-অপারেটিভের সঙ্গে যুক্ত হন। সমবায় অধিদপ্তর থেকে আজিজ কো-অপারেটিভ সারাদেশে ২৬টি শাখার অনুমোদন নেয়। অথচ তারা ৮০টি শাখা খুলে ১১ হাজার ৪২৫ জন গ্রাহকের কাছ থেকে ৩০০ কোটি টাকা আমানত গ্রহণ করে। এ হিসাব ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত। এই টাকা নগদ ও অনলাইনে ট্রান্সফার করে পরস্পর যোগসাজশে তাজুল ইসলাম, বিভিন্ন ব্যাংকের হিসাবে স্থানান্তর করেন। পরে নিজ নামে, স্ত্রী আফরোজা পারভীন এবং ছেলে সাজ্জাদুল ইসলাম তানভীরের নামে রাখে। ঐ টাকায় সাউদি বাংলা প্রপার্টিজ লি. ঢাকা, তানভীর এন্টারপ্রাইজ ও তানভীর অটো ব্রিক নামে প্রতিষ্ঠান খোলে। তাজুল ইসলাম কানাডার গ্রিন কার্ডধারী। তার দুই ছেলে ফারহাদুল ইসলাম ছাব্বির ও রিয়াজুল ইসলাম রিজভী কানাডায় থাকেন। তাজুল তাদের কাছে শতকোটি টাকা পাচার করেছেন।