রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় দরগাহ সড়কের বেহাল দশা

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা বনগ্রাম দরগাহ সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। পশ্চিম বনগ্রাম দরগাহ থেকে গুমাই বিলের বুক চিরে চন্দ্রঘোনা সুফিপাড়ার কাছে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সংযুক্ত দীর্ঘ প্রায় এক কিলোমিটার এই দরগাহ সড়ক।

ইউনিয়নের উত্তরাঞ্চলীয় সাত গ্রামের কয়েক সহস্র মানুষের যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ পথ এটি। কৃষিপণ্য, সরঞ্জাম পরিবহন ও যাত্রীবাহী গাড়ি চলাচলসহ দৈনন্দিন নানা কাজে মানুষের পদচারণা হয় ঐ সড়কে। স্কুল, মাদ্রাসা, এতিমখানা, মসজিদ, বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এলাকায়। মাদ্রাসা, স্কুল- কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ইউনিয়ন, উপজেলা এবং জেলা সদরে নিয়মিত চলাচল হয়। ইউনিয়নের বনগ্রাম উত্তরপাড়া, পশ্চিম বনগ্রাম, ধুইল্যাছড়ি, নতুন গ্রাম, দক্ষিণপাড়া, মনাজিটিলা ও বটতলী গ্রামের শিক্ষার্থী সাধারণ মানুষ এবং যানবাহনের চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ দিন ধরে সংস্কার হয়নি।

এলাকাবাসী জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে এক যুগেরও বেশি আগে সড়কটিতে ইটের সলিং হয়েছিল। পরবর্তী কালে নিয়মিত সংস্কার ব্যবস্থা কিংবা উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। অবহেলিত অবস্থায় এটি এখন চরম দুরাবস্থায় এসে ঠেকেছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিস্তীর্ণ এলাকায় ইট গুঁড়িয়ে গেছে। বিক্ষিপ্তভাবে ইট উপড়ে গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার ইটের গুঁড়া বাতাসে ওড়ে। পশ্চিম বনগ্রামের বাসিন্দা আহমদুল হক জানান, বৃষ্টি হলেই ইটের লাল গুঁড়া এবং মাটি পানিতে মিশে রঙিন কাদায় একাকার হয়ে যায়। সড়কে যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিলের ধানসহ কৃষিপণ্য পরিবহন এবং নানা কাজে অগত্যা মানুষ যাতায়াত করছে খুবই কষ্টে। গ্রামবাসী স্বেচ্ছায় মাটি কেটে সড়ক মেরামত করে কোনোরকম চলাচল করা গেলেও বর্ষাকালে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষাসহ সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগের হয়ে উঠেছে।

চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু জাহেদ বলেন, 'চেয়ারম্যান নেই, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এলাকার উন্নয়ন কার্যক্রমের স্বাভাবিক খোঁজ-খবর তেমন হয় না।'

উপজেলা প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন,' চন্দ্রঘোনা দরগাহ সড়টির অবস্থা খুবই খারাপ। সড়কটির সংস্কার জরম্নরি। রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী দিদারুল আলম জানান, দরগাহ সড়কের প্রয়োজনীয় উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করা হবে। পরিকল্পনা প্রক্রিয়াধীন আছে।'