বুটেক্সে ‘নীরবতায় কলরব ৫.০’ উৎসব শুরু ১৯ ডিসেম্বর

প্রতিবারের মতো এবারও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আয়োজিত হতে যাচ্ছে ‘নীরবতায় কলরব’ উৎসব। এবার বসছে আয়োজনের পঞ্চম আসর, যা শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর। ১২ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করছে আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব অব বুটেক্স (আর্টেক্স)।

উৎসব সামনে রেখে গত ৮ ডিসেম্বর শুরু হওয়া ওয়াল গ্রাফিতি তৈরিতে এখন উৎসবমুখর বুটেক্সের কলরব প্রাঙ্গণ। যা এই আয়োজনের মূল আকর্ষণ।

তাছাড়া নীরবতায় কলরব-এর অন্তর্ভুক্ত সেগমেন্টগুলোর মধ্যে রয়েছে- ওয়াল গ্রাফিতি, লাইভ আর্ট কম্পিটিশন, আর্ট অ্যান্ড ফটোগ্রাফি কন্টেস্ট, আর্ট অ্যান্ড ফটোগ্রাফি এক্সিবিশন, আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও ব্যান্ড ফেস্ট। এই বছর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভক্ত ২টি সেগমেন্টে ঢাকা শহরের ১৫ টি বিশ্ববিদ্যালয় ও ১৬ টি কলেজ এর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

আর্টেক্স ক্লাবের লিডার ত্বকী তাজওয়ার শব্দ বলেন, আর্টেক্স শুধু আর্ট ও ফটোগ্রাফি রিলেটেড ক্লাব নয় বরং এটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার একটি জায়গা। প্রতি বছরই ক্যাম্পাসের দেয়ালগুলো আর্টেক্স ক্লাবের সদস্যদের রঙ তুলির আঁচড়ে আরও প্রাণবন্ত হয়৷ আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা রাঙানোর পাশাপাশি এইবারের আয়োজনের মধ্য দিয়ে টেক্সটাইল কমিটি সহ সারাদেশে বুটেক্সের আতিথেয়তার বিষয়টিও ফুটে উঠবে।