চা চাষের এলাকা বৃদ্ধি না পাওয়া ও সিন্ডিকেটের দৌরাত্মসহ নানা কারণে চা শিল্প ক্রমশ পিছিয়ে পড়ছে উল্লেখ করে তা বাঁচাতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এক সেমিনারে।
বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হলরুমে কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত বাংলাদেশের চা শিল্পে চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।
সেমিনারে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের অপার সম্ভাবনাময় খাত হচ্ছে চা শিল্প। চা চাষের এলাকা বৃদ্ধি না পাওয়া, সিন্ডিকেটিংসহ নানা কারণে এ শিল্প ক্রমশ পিছিয়ে পড়ছে। বিশেষ করে উৎপাদন খরচ বেশি এবং বাজার মূল্য কম থাকায় ব্যাহত হচ্ছে চায়ের উৎপাদন।
সেমিনারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম বলেন, সিলেট অঞ্চলের ভূ-বৈচিত্র চা উৎপাদনে সহায়ক। সিলেট অঞ্চলের চা বাগানের জন্য খরা, পোকামাকড় ও রোগবালাই সহনশীল চা ক্লোন উদ্ভাবনের মাধ্যমে চায়ের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে, যাতে চা শিল্পকে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিমুখী করা যায়। চা শিল্পকে এগিয়ে নিতে কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চা বোর্ড সম্মিলিত উদ্যোগ নিলে এর সুফল পাওয়া যাবে।
চায়ের গুণগত মান অটুট রেখে এ খাতে রপ্তানি বৃদ্ধি করে অতীতের ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসাইন বলেন, শ্রমিক সংকট, ব্যবস্থাপনায় ঘাটতি, কালো বাজারে চা বিক্রির কারণে এ খাত রুগ্ন অবস্থায় পতিত হয়েছে। এ থেকে উত্তোরণে চা বোর্ড কাজ শুরু করেছে। মালিক শ্রমিকসহ চা শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করলে এ খাত লাভজনক অবস্থায় ফিরে আসবে।
সেমিনারে মূল বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চা বোর্ডের পরিচালক ড. এ কে এম রফিকুল হক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানি ও টি প্রোডাকশন টেকনোলজি বিভাগের অধ্যাপক এ এফ এম সাইফুল ইসলাম।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, চা বাগান মালিকদের পক্ষে মুফতি মোহাম্মদ হাসান, ম্যাক্সন ব্রাদার্স এর পরিচালক মো. আজহারুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইফতেখার আহমদ, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশের সিনিয়র সদস্য শফিকুল বশর চপল, ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিজেএ এর সাবেক সভাপতি ফরিদ হোসেন প্রমুখ।
সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি পারভীন এফ চৌধুরী। সিজেএ এর সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর সেমিনারে সঞ্চালনা করেন।