নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে অন্তত ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশটির পুলিশের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কারণে মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে যায় এবং প্রচণ্ড ভিড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে ৫ হাজারেরও বেশি শিশু জড়ো হয়েছিল এবং মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মেলার প্রধান আয়োজকও আছেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ভুক্তভোগী কয়েকটি পরিবারের অভিভাবকরা সাংবাদিকদের জানান, সন্তানদের সঙ্গে বছরের শেষের ক্রিসমাস ‘ফানফেয়ার’ ভেন্যুতে একত্রিত হওয়ার জন্য অনুষ্ঠান শুরুর পাঁচ ঘণ্টা আগে বুধবার ভোর ৫টায় তারা হাজির হন। তারা নগদ অর্থ এবং খাবারের আশায় সেখানে গিয়েছিলেন। কারণ, আয়োজকরা ৫ হাজার শিশুর প্রত্যেককে অর্থ প্রদান এবং অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।