ভূমিসেবা সার্ভারে জটিলতার কারণে কুমিল্লার হোমনা উপজেলায় বন্ধ হয়ে পড়েছে খাজনা আদায়। এতে উপজেলার সাবরেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করতে পারছেন না জমির মালিকরা। বন্ধ জমি বেচাকেনা।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে হঠাৎ বেড়ে যায় জমি রেজিস্ট্রি। প্রতিদিন গড়ে এক থেকে দেড়শ’ দলিল রেজিস্ট্রি হয়, যা থেকে সরকার বড় অঙ্কের রাজস্ব অর্জন করে। কিন্তু গত ২২ দিন ধরে সার্ভার জটিলতার কারণে বন্ধ হয়ে পড়ে খাজনা আদায়। মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অন্যদিকে জমির দলিল রেজিস্ট্রি, জমি বেচাকেনা বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন জমির মালিকরা। এ নিয়ে উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে প্রতিদিনই বাকবিতণ্ডার ঘটনা ঘটছে।
উপজেলার চান্দেরচর গ্রামের শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘গত ১৫ থেকে ২০ দিন ধরে জমির খাজনা কাটতে পারছি না। জমিও বিক্রি করতে পারছি না।’
শ্রীমদ্দি গ্রামের সুবেদ আলী বলেন, ‘জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠানোর টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু ভূমি অফিসে এসে দেখি খাজনা দিতে পারছি না। এদিকে ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে।’
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলছে। তাই সাময়িকভাবে ভূমিসেবা সার্ভারে সমস্যা থাকায় খাজনা আদায় বন্ধ রয়েছে। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।