বুটেক্সে ‘নীরবতায় কলরব ৫.০’ অনুষ্ঠিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হলো বায়োস্ফিয়ার কনসার্ন নিবেদিত নীরবতায় কলরব ৫.০-এর সমাপনী অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর পাশাপাশি কলরব প্রাঙ্গণে ছিল সাংস্কৃতিক আয়োজন, যেখানে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস। উৎসবটির সার্বিক দায়িত্বে ছিল আর্টেক্স (আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব অফ বুটেক্স)।

ওয়াল গ্রাফিতির মাধ্যমে গত ৮ ডিসেম্বর বুটেক্সে শুরু হয় নীরবতায় কলরব ৫.০। বৃহস্পতিবার লাইভ আর্ট কম্পিটিশন, আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগের মোট ১৩ টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও ১৬ টি স্বনামধন্য কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

লাইভ আর্ট কম্পিটিশন এ চ্যাম্পিয়ন এর তকমা অর্জন করে এম এ আবু সাইদ এবং রানার-আপ এর তকমা অর্জন করে আদিত্য দাশ। আর্ট কন্টেস্ট সেগমেন্টে চ্যাম্পিয়ন হয় ফারিয়া নওশীন আহমেদ এবং রানার-আপ হয় মালিহা খান উর্বি। 

এদিন বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়া লাইভ আর্ট কম্পিটিশন এ চ্যাম্পিয়ন এর স্থান অর্জন করে মো. ইয়াকুব এবং রানার-আপ এর স্থান অর্জন করে শারমিন আকতার।

আর্টেক্স এর মিলনমেলায় ঢাকা বিভাগের মোট ২০০ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়৷

বৃহস্পতিবার বুটেক্স অডিটরিয়ামে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. জুলহাস উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথির আসন গ্রহণ করেন বায়োস্ফিয়ার কনসার্ন এর সিইও মনজু রাসেল, সামিট ডাই-কেম লিমিটেড এর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ইকবাল রিজভি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা এবং শিক্ষার্থী কল্যাণ পরিচালক ড. রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন আর্টেক্স ক্লাবের মডারেটর ড. মো. আব্বাস উদ্দিন শিয়াক এবং আর্টেক্স ক্লাবের লিডার তকী তাজওয়ার শব্দের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আর্টেক্স ক্লাবের ব্যবস্থাপনা সহ-সম্পাদক সুদীপ্ত বণিক। 

বিশেষ অতিথির বক্তব্যে বায়োস্ফিয়ার কনসার্নের সিইও মঞ্জু রাসেল বলেন, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে ইন্ডাস্ট্রিতে ভালো করতে হলে নিজের সুপ্ত প্রতিভাসমূহ দক্ষতার সাথে তুলে ধরতে পারা আবশ্যক, সে দক্ষতা বৃদ্ধির অন্যতম প্ল্যাটফর্ম এই আর্টেক্স ক্লাব। আমি আর্টেক্স ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাকে বায়োস্ফিয়ার কনসার্ন নিবেদিত নীরবতায় কলরব ৫.০ এর বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি৷

পুরস্কার বিতরণী শেষে কলরব প্রাঙ্গণে ছিল অনুষ্ঠানের ২য় পর্ব। যেখানে আর্টেক্স ক্লাবের এলামনাই পরিষদ বন্দি পাঠশালা পরিবার উপস্থিত হন এবং নীরবতায় কলরব ৫.০ নিয়ে তাদের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বুটেক্স নতুন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত হয়। অতঃপর ছিল সাংস্কৃতিক আয়োজন যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি মঞ্চ মাতান রোদশি, ব্যান্ড "রিডেম্পশন" এবং দেশের জনপ্রিয় ব্যান্ড "ভাইকিংস"।