ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফে এ তথ্য জানানো হয়। বৃষ্টির সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রাও কমতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, শনিবার ঢাকাসহ দেশের দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি হবে। বৃষ্টিপাতের ফলে সারাদেশে রাতের তাপমাত্রা কমবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ ছাড়া সমুদ্র বন্দরেও সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তিনি আরও বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।