নবীগঞ্জ উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কুশিয়ারা ডাইক রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে ভেঙ্গে গেছে। এতে উপজেলার ৫০টি গ্রাম এবং তিনটি হাওরের কয়েক হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে।
কুশিয়ারা, বিজনা ও বরাক নদীর পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার তৌহিদ বিন হাসান তার কার্যালয়ে বন্যা নিয়ন্ত্রণ কন্টোলরুম খুলেছেন। তিনি বলেন, ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের চেষ্টা চালানো হচ্ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টায় নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার বিকাল ৪টা থেকে কুশিয়ারা ডাইকে মেরামতের কাজ পুনরায় শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। কুশিয়ারা ডাইক ভেঙ্গে নবীগঞ্জ উপজেলার, রাজের বন্ধ, জোয়াল ভাঙ্গা হাওর, বেলি বিল, বড় হাওর, ঘুঙ্গিয়াজুরি হাওরের প্রায় ১০ হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে। পানি তীব্র আকারে বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
আরও পড়ুন: পুলিশে ২৬ কর্মকর্তা বদলি, ১১ জেলায় নতুন এসপি
হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী এমএল সৈকত বলেন, সময় যত যাচ্ছে পানি বাড়ছে, আজ পানি কমার কোনো সম্ভবনা নেই। তবে বিবিয়ানা পাওয়ার ও বিবিয়ানা গ্যাসফিল্ডের নীচু এলাকায় পানি প্রবেশ করলেও মূল যন্ত্রপাতির কোন ক্ষতির সম্ভাবনা নেই।
ইত্তেফাক/আরকেজি