নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রিফাত (২০) পলাতক রয়েছেন।
নিহতের স্ত্রী জানান, তার ছেলে রিফাত ২০ হাজার টাকা চায়। মা দিতে অস্বীকার করায় তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে কাজ শেষে তার বাবা বাসায় ফিরলে টাকার জন্য চাপ দেয়। টাকা দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির জেরে ছুরি দিয়ে বুকে আঘাত করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।