৫০ বছর ধরে ইত্তেফাক ছাড়া অন্য পত্রিকা পড়েননি তিনি

কুলাউড়া পৌর সদরের প্রবীণ ব্যবসায়ী মো. কামাল উদ্দিন। শহরের উত্তর প্রান্তে পানামা সাউন্ড সার্ভিস নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। নিয়মিত পত্রিকা পড়া তার নেশা। খবর পাগল এই মানুষটার সব থেকে পছন্দের পত্রিকা দৈনিক ইত্তেফাক বলে জানান তিনি নিজেই।

প্রায় ৭৫ বছর বয়সের কামাল উদ্দিন সকালে তার ব্যবসা প্রতিষ্ঠান খুলেই সংবাদপত্রের জন্য অপেক্ষা করতে থাকেন কখন হকার এসে পত্রিকা দিয়ে যাবে। দীর্ঘ ৫০ বছর ধরে কামাল উদ্দিন শুধু ইত্তেফাক পত্রিকাই পড়ে আসছেন। তার ভাষ্যমতে, দৈনিক ইত্তেফাক ছাড়া অন্য কোনো পত্রিকা তাকে আকৃষ্ট করতে পারেনি। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইত্তেফাকের ঘরে বাইরে, ধর্মচিন্তা, রাজনীতি, মতামত, বিশ্বসংবাদ, বিনোদন, শিল্প বাণিজ্যসহ প্রত্যেকটি পাতা তিনি খুঁটেখুঁটে পড়েন। যে দিনগুলোতে পত্রিকা বন্ধ থাকে সেদিন তিনি আগের পত্রিকা পড়েই সময় কাটান।

কামাল উদ্দিনের তিন ছেলে। তাদের মধ্যে ২ জন ব্যাংকার, ১ জন প্রবাসী। তারা জানান, অসুস্থ হলেও আব্বার কাছে বসে ইত্তেফাক পড়ে শোনাতে হয়। ইত্তেফাক ছাড়া অন্য কোনো পত্রিকার সংবাদ তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না।     

ঐতিহাসিক এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে মো. কামাল উদ্দিন বলেন, দৈনিক ইত্তেফাক আমাদের এই বিজয়ের মাস ডিসেম্বরেই প্রথম যাত্রা শুরু করে। ৭১ বছর পেরিয়ে এসে দৈনিকটি আজও তার জনপ্রিয়তা ধরে রেখে টিকে আছে। আগামীর দিনেও এভাবে টিকে থাকবে বলেই আমার প্রত্যাশা। দৈনিক ইত্তেফাক জনপ্রিয়তা ধরে রেখে যে টিকে আছে, তার একটি অন্যতম কারণ হলো, এই পত্রিকাটি সময়ের সঙ্গে এগিয়ে যেতে জানে।