শরীয়তপুরে পদ্মাসেতু-ভাঙ্গা মহাসড়কে বাসের চাপায় বৃদ্ধ নিহত

শরীয়তপুরের জাজিরায় বেপরোয়া যাত্রীবাহী বাসের চাপায় দাদন হাওলাদার (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন নাওডোবা ইউনিয়নের জমাদ্দার স্ট্যান্ড সংলগ্ন পদ্মাসেতু-ভাঙ্গা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দাদন হাওলাদার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকুল আল-আমিন বাজার এলাকার মৃত আব্দুল হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাদন হাওলাদার তার ভাগ্নে আলতাব উকিলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যা ৬টার দিকে জমাদ্দার স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় দাদন হাওলাদারের মুখমণ্ডল ও পা মারাত্মকভাবে ছেঁচে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে শিবচর হাইওয়ে পুলিশকে অবগত করেছি।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা আসলে লাশ হস্তান্তর করা হবে। পরিবার চাইলে হত্যা মামলা দায়ের করা হবে।