খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এতে ওই অঞ্চলের পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুরের মুন্সিবাড়ীতে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও পিজি হাসপাতালের চিকিৎসক ডা. মাগফুর রহমান, ঢাকার ক্যান্সার হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চীফ কনসালট্যান্ট ডা. আবদুস সালাম ও পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ও চিকিৎসক ডা. আবদুল মজিদ। এছাড়াও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আশিক, ডা. হাফিজ, ডা. প্রত্যাশা, ডা. সিফাত, ডা. অয়ন ও ডা. আসিফ রোগী দেখেন এবং চিকিৎসাপত্র প্রদান করেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের সহযোগী ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছার সভাপতি সাংবাদিক এইচএম শফিউল ইসলাম, সমাজসেবক শেখ অলিউল ইসলাম, মাওলানা জিএম মোশাররফ হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সরদার খাইরুল ইসলাম, সরদার মেজবার, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, কপিলমুনি বনিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, চীনের গুয়াংজুর সান ইয়েট সান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জি এম আমিনুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার নেতা এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ, রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পার্থ হালদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সর্দি, জ্বর, কাশি, চর্মরোগ, ডায়াবেটিস, কিডনি সমস্যা, হার্ট, গ্যাস্ট্রিক, গাইনি সমস্যা, অর্থোপেডিক, চক্ষু, শিশুরোগ, নাক-কান-গলাসহ বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়াও দরিদ্র রোগীদের প্রায় অর্ধ লাখ টাকার ওষুধ প্রদান করা হয়।
উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় ওষুধপত্র প্রদান ও আর্থিক সহায়তা করেন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ও দেশের প্রখ্যাত বন্ধ্যত্ব চিকিৎসক ডা.এস.এম খালিদুজ্জামান।