পাবনায় দাঁড়িয়ে থাকা নসিমনে ট্রাকের ধাক্কা, নিহত ৩ 

পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা একটি নসিমনে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আন্তত আরও চারজন আহতের খবর পাওয়া গেছে। 
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  খোকন ইসলাম (২৭), ধনী প্রামাণিক (৫০) ও রাসেল আহমেদ (২৭)। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই কৃষি কাজ করেন। শুক্রবার ভোরে নসিমনে চড়ে পাশের একটি ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন কয়েকজন। কিন্তু সড়কের মাঝখানে নসিমনের ইঞ্জিন হঠাৎ নষ্ট হয়ে পড়ে। সমস্যা সমাধানে রাস্তার পাশে দাঁড় করিয়ে নসিমনের ইঞ্জিন ঠিক করা হচ্ছিলো। এ সময় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন নসিমনের যাত্রীরা। এতে ঘটনাস্থলেই করিমনের তিন যাত্রী মারা যান।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।