আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় এক ইউপি সদস্য ও তার ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও পাঁচ জন ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকায় এই সংঘর্ষ ঘটে। নিহতরা হলেন- কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদার এবং তার ছেলে মারুফ শিকদার।
স্থানীয়দের বরাতে পুলিশ সুপার মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, বাঁশগাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আখতার শিকদারের বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। হামলা-মামলার এক পর্যায়ে দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন আখতার শিকদার ও তার ছেলে মারুফ।
গত শুক্রবার রাতে আখতার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় ফেরেন। তাদের ফেরার খবরে ইউপি চেয়ারম্যাান মোস্তাফিজুর রহমানের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করেন। পরে দুই পক্ষের লোকজন রাতভর দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এ সময় অনেক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় পুলিশ, র্যা ব ও সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে।