হ্যাশট্যাগ (#) সোশ্যাল মিডিয়ায় নির্দিষ্ট বিষয় বা আন্দোলন চিহ্নিত করতে ব্যবহৃত হয়, যা পোস্টগুলোকে একত্রিত করে এবং সংযুক্ত করতে সাহায্য করে। ২০২৪ সালে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় হ্যাশট্যাগগুলো ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য তুলে ধরা হলো, যা দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং আন্দোলনমূলক ইস্যুতে গুরুত্ব পায়।
যেমন #QuotaMovement, #HasinaMustGo, #EndFascism, #WeAreNahid রাজনৈতিক প্রতিবাদ এবং সামাজিক আন্দোলনকে প্রসারিত করেছে। #StudentsLivesMatter এবং #StandWithStudent ছাত্রদের অধিকার রক্ষার আন্দোলনকে তুলে ধরেছে। এই হ্যাশট্যাগগুলো সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলোর ব্যাপক প্রচার ও জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করেছে, পাশাপাশি সোশ্যাল সচেতনতা বৃদ্ধি করেছে। আসুন বহূল ব্যবহৃত এবং ভাইরাল হ্যাশট্যাগগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই-
#QuotaMovement হ্যাশট্যাগ ২০২৪ সালে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মূল প্রতীক হয়ে ওঠে। এই হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় কোটা সংক্রান্ত প্রতিবাদ ও দাবি তুলে ধরা হয়, যা দ্রুত ভাইরাল হয়ে গণচেতনা এবং আন্দোলনকে শক্তিশালী করেছে।
#JulyMassacre হ্যাশট্যাগ ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া একটি সহিংস ঘটনায় উদ্ভূত হয়েছে, যেখানে পুলিশের নৃশংস আক্রমণ বা সরকারি বাহিনীর নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদ জানানো হচ্ছে। এই হ্যাশট্যাগের মাধ্যমে জনগণ নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
#BMW হ্যাশট্যাগ বছরজুড়ে ফেসবুকে জনপ্রিয়তা পেয়েছে। ফেসবুকে ‘Ten unknown facts about #BMW’ শিরোনামে পোস্টগুলোর প্রভাব বেড়ে গেছে, যা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় লিস্টিকল ফরম্যাটে তৈরি করা হচ্ছে। এই পোস্টগুলো দ্রুত পড়া যায়, মানুষের আগ্রহ জাগায় এবং ফেসবুকের অ্যালগরিদমের কারণে দ্রুত ভাইরাল হয়। BMW ব্র্যান্ডের প্রতি আগ্রহী ফেসবুক ব্যবহারকারীরা হ্যাশট্যাগের মাধ্যমে সহজেই এই পোস্টগুলি খুঁজে পায়, এবং তাদের লাইক, কমেন্ট ও শেয়ার করার কারণে এই পোস্টগুলো আরও বেশি রিচ পায়। বিভিন্ন প্রতিষ্ঠানও এই ট্রেন্ডিং ট্যাগ ব্যবহার করে তাদের প্রচার বাড়াচ্ছে, যা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটি কার্যকর টুল হয়ে উঠেছে।
#WeAreNahid হ্যাশট্যাগ ২০২৪ সালে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার প্রতিরোধ করতে এবং তার সমর্থনে ব্যবহৃত হয়। এই হ্যাশট্যাগটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে নাহিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। এর মাধ্যমে তার প্রতি সমর্থন এবং তার বিরুদ্ধে হওয়া অন্যায় প্রতিবাদের আওয়াজ উঠেছিল।
#ResetButton : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রিসেট বাটন’ নিয়ে তুমুল আলোচনা চলছে। এই শব্দ দু’টো ফেসবুক সার্চের ক্ষেত্রে ‘পপুলার নাউ’ ক্যাটাগরিতে চলে আসে। প্রধান উপদেষ্টার ওই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা বক্তব্য পোস্ট করার সময় #resetbutton হ্যাশট্যাগ ব্যবহার করা হয়।
#StudentsProtest হ্যাশট্যাগ ২০২৪ সালে বাংলাদেশের শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। এটি ছাত্রদের অধিকার, কোটা সংস্কার, ও সুশাসনের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত হয়। ছাত্ররা যখন তাদের দাবি তোলেন, তখন এই হ্যাশট্যাগ তাদের প্রতিবাদের পরিচয় হয়ে উঠে।
#StandwithStudent হ্যাশট্যাগ ২০২৪ সালে বাংলাদেশের ছাত্রদের আন্দোলন ও তাদের অধিকার রক্ষার সমর্থনে ব্যবহৃত হয়। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে এই হ্যাশট্যাগটি বিভিন্ন সামাজিক প্রতিবাদে জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষ করে কোটা সংস্কার এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে পোস্ট করা হয়। পুলিশি সহিংসতা এবং ছাত্র আন্দোলনকে দমন করার জন্য এমন নৃশংস পদক্ষেপের প্রতিবাদে সাধারণ জনগণ, শিক্ষার্থী, এবং সামাজিক গোষ্ঠী একত্র হয়ে এই হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের মতামত প্রকাশ করে। এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সচেতনতা তৈরি হয়ে শিক্ষার্থীদের প্রতি সহিংসতা বন্ধ ও তাদের অধিকার রক্ষার দাবি ওঠে।
#HasinaMustGo হ্যাশট্যাগটি শেখ হাসিনার সরকারের বিরোধিতা এবং তার পদত্যাগের দাবিতে ব্যবহৃত হয়। এটি প্রতিবাদ, ছাত্র আন্দোলন ও রাজনৈতিক অসন্তোষের প্রতীক হয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়েছে এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে।
#EndFascism হ্যাশট্যাগটি ২০২৪ সালে আওয়ামী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ব্যবহৃত হয়, যেখানে জনগণ স্বৈরতান্ত্রিক শাসন, বাক স্বাধীনতা হরণ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানায়।
#চালাইদেন হ্যাশট্যাগটি ২০২৪ সালে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, বিশেষত গুজব এবং সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে। এটি বিভিন্ন পরিস্থিতিতে জনগণের প্রতিক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছিল, যেখানে সরকারি সিদ্ধান্ত বা পরিস্থিতি নিয়ে হতাশা বা মজা করা হতো। বেশিরভাগ সময় এটি রাজনৈতিক বা সামাজিক সংকটের বিরুদ্ধে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হয় এবং জনগণের ক্ষোভ বা বিরক্তি প্রকাশ করতেও ব্যবহৃত হয়।