টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ (৫৫) নিহত হয়েছেন। রবিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আরও পড়ুন: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা সম্পন্ন
এ ব্যাপারে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, আলাউদ্দিন আল আজাদ রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের বেপারীপাড়া বাসা থেকে বের হয়ে ইজিবাইকে চড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় আসেন। পরে তিনি রাত সাড়ে ৮টার দিকে আশেকপুর বাইপাসে রাস্তা পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলাউদ্দিন আল আজাদ সখীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামে।
ইত্তেফাক/এমআরএম