মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেরা হলো না কলেজ শিক্ষার্থীর

পটুয়াখালীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নেয়ামুল হক নাফিজ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই কলেজ শিক্ষার্থী।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত আটটার দিকে মির্জাগঞ্জ সড়কের ২ নম্বর ব্রিজ সংলগ্ন সিকদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত নেয়ামুল হক নাফিজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নেয়ামুল পটুয়াখালীর মুন্সেফ পাড়া এলাকার বাসিন্দা আইনজীবী নাজমুল হকের ছেলে। আহতরা হলো নেয়ামুলের বন্ধু সাফিন ও ফারাবী। এর মধ্যে সাফিনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ফারাবীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে গেছে, ঢাকা থেকে পায়রাকুঞ্জে ঘুরতে গিয়েছিলেন নাফিজের দুই বন্ধু সাফিন ও ফারাবী। শনিবার রাতে তাদের নিয়ে মোটরসাইকেল করে পায়রাগঞ্জ থেকে পটুয়াখালী ঘুরতে যান নাফিজ। পায়রাকুঞ্জ থেকে শহরে ফেরার পথে মির্জা সড়কের ২ নম্বর ব্রিজ সংলগ্ন সিকদার বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নেয়ামুল ও তার বন্ধু সাফিন গুরুতর আহত হয়। পরে তাদের দুই জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাফিজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাফিনকে শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিন আরোহী আহত হয়েছে। এর মধ্যে নেয়ামুল হক নাফিজ মারা গেছেন।