ফিরে দেখা ২০২৪

গুগলে সবচেয়ে বেশি কী কী খোঁজা হলো

নতুন বছরে পদার্পণে এখন ফারাক এক সূর্যোদয় আর সূর্যাস্তের। নতুন উদ্দীপনায় ২০২৫ সালকে বরণের অপেক্ষায় মুখিয়ে আছে পুরো বিশ্ব। অন্যদিকে বছরের শেষে এসে দেশ-বিদেশের মিডিয়া পাড়া এখন সরগরম ২০২৪ সালে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনাবলির নানা হিসাব-নিকাশ নিয়ে।

নির্বাচন, যুদ্ধ, যুদ্ধাবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, রেকর্ড তাপমাত্রা এবং খেলাধুলার উল্লেখযোগ্য আয়োজন—এই বছর বিশ্বব্যাপী মানুষ এসব বিষয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছে। নানা ঘটনার খোঁজে গুগল ইঞ্জিনে বিভিন্ন শব্দ লিখে তথ্য অনুসন্ধান করেছেন লোকজন। এ বছর সবচেয়ে বেশি যে শব্দগুলো দিয়ে খবর খোঁজা হয়েছে, তা জানার জন্য গুগল প্রকাশ করেছে 'ইয়ার ইন সার্চ ২০২৪'। এতে উঠে এসেছে মানুষের কৌতূহল, যা পর্দার আড়ালে থেকেও হয়ে উঠেছে আলোচনার শীর্ষে। 
 
ট্রেন্ডিং
২০২৪ সালে গুগলে সার্চ করা ট্রেন্ডিং বিষয়গুলোর মধ্যে ক্রীড়া ইভেন্ট ছিল শীর্ষে। ফুটবলের জমজমাট আসর কোপা আমেরিকা এই তালিকার এক নম্বরে ছিল। এরপরই ছিল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (উয়েফা) এবং আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর রয়েছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ, প্রয়াত ওয়ান ডিরেকশন সদস্য ও ভোকালিস্ট লিয়াম পেইন, নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশ বনাম ভারত ম্যাচ এবং আইফোন-১৬। এছাড়া প্যারিসে অনুষ্ঠিত ২০২৪ সালের অলিম্পিক গেমস ও প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন সম্পর্কিত তথ্য নিয়েও মানুষের কৌতূহল ছিল তুঙ্গে।

মোস্ট সার্চড ইভেন্টস 
সংবাদপ্রেমীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় স্থানে ছিল সারা বিশ্বজুড়ে অতিরিক্ত তাপদাহের খবর। এছাড়া ২০২৪ অলিম্পিক গেমস এবং হারিকেন মিল্টনের ধ্বংসলীলা নিয়েও ছিল মানুষের গভীর আগ্রহ।  

আলোচিত ব্যক্তি 
এই বছর গুগলে সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তির তালিকার শীর্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন। তৃতীয় স্থানে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাদের পাশাপাশি মডেল ইমান খলিফ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ছিলেন সার্চ ট্রেন্ডের শীর্ষে। 

খোঁজা হয়েছে যত চলচ্চিত্র 
সিনেমাপ্রেমীদের গুগল সার্চে উঠে এসেছে কয়েকটি জনপ্রিয় মুভির নাম। এর মধ্যে ছিল ইনসাইড আউট ২, ডেডপুল অ্যান্ড উলভারিন, সল্টবার্ন, বিটলজুস বিটলজুস, এবং ডিউন: পার্ট টু।  

প্রয়াত ব্যক্তিদের নিয়ে কৌতূহল  
২০২৪ সালে যেসব প্রয়াত ব্যক্তিরা মানুষের স্মৃতিতে বারবার উঠে এসেছেন, তাদের মধ্যে শীর্ষে ছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন। দ্বিতীয় স্থানে ছিলেন মার্কিন গায়ক টবি কিথ। এছাড়া ফুটবল তারকা ওজে সিম্পসন, হলিউড অভিনেত্রী শ্যানেন ডোহার্টি এবং জাপানি মাঙ্গা শিল্পী আকিরা তোরিয়ামার নামও ছিল আলোচনায়। 

আলোচিত শব্দার্থ
গুগল সার্চে কিছু শব্দের অর্থ জানার আগ্রহ ছিল সবার কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে অল আইজ অন রাফাহ শব্দগুচ্ছটি ছিল শীর্ষে, যা গাজার সংকটময় পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছিল। বিরাট কোহলি ও আনুশকা শর্মার সন্তানের নাম আকায়ে, এবং ভাইরাল গান মোয়ে মোয়ে নিয়েও মানুষের কৌতূহল ছিল চরমে। এছাড়া মিষ্টি অর্থের 'পোকি' এবং লাজুক ও ভদ্র স্বভাব বোঝাতে ব্যবহৃত 'ডিমুর' শব্দগুলোও সার্চের শীর্ষে জায়গা করে নিয়েছে।  

গুগলের 'ইয়ার ইন সার্চ ২০২৪' আমাদের জানায়, কীভাবে মানুষ ক্রীড়া, প্রযুক্তি, রাজনীতি, সংস্কৃতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে উৎসাহী। এই তালিকা শুধু গুগল সার্চের ডেটা নয়, বরং এটি যেন আমাদের বর্তমান সময়ের মানসিকতা এবং প্রবণতার সরূপ।