বাদল দিনের সাজ পোশাক

l ফারহা দিবা

 

বছরের এ সময়টায় প্রকৃতি কথা দিয়ে কথা রাখে না বেশির ভাগ দিনই। এই মেঘ এই রোদ্দুর। আবার এই ঝমঝমে বৃষ্টি। কিন্তু এ সময়েই রঙের খেলা আর নতুন ফ্যাশন ট্রেন্ডে নিজেকে সাজিয়ে নেওয়ার প্রবণতা দেখা যায় সবচেয়ে বেশি। পুরো বছরের এই সময়টা নিয়ে তাই ভীষণ ভাবেন ফ্যাশন সচেতনেরা। কেমন হবে এবারের ট্রেন্ড, কী বলছে বিশ্ব বাজার, তা নিয়ে এ দেশের তরুণ সমাজ বেশ সচেতন।

পোশাকের রঙই আমাদের প্রথমে চোখে পড়ে। দিনভর বৃষ্টি আবার ভ্যাপসা গরম। এ দুই মিলে এ সময়ে তাই হালকা রঙের দিকেই আমাদের নজর থাকে বেশি। আর তাপকে কম শোষণ করে বলে হালকা রঙের কাপড় এ সময়ে আমাদের দেয় বেশি স্বস্তি। সাদা তাই অনেকের প্রথম পছন্দ। এর সঙ্গে সঙ্গে ফ্যাশনে বেশ জায়গা করে আছে প্যাস্টেল ধরনের রঙগুলো। কাঠ গোলাপের সাদার মায়ার পাশাপাশি আকাশি, হালকা গোলাপি, কচি কলাপাতা, কাঁচা হলুদ, ছাই রং থাকবে তালিকার বেশ উপরের দিকে। গাঢ় রং এ সময়ে সবচেয়ে আরামদায়ক হবে। জলকাদায় পোশাক নষ্ট হওয়ার আশঙ্কাও যেমন থাকবে না, তেমনি দাগ বসে যাওয়ার সম্ভাবনা কম।

প্যাটার্নে জনপ্রিয়তায় থাকবে এসিম্যাট্রিক্যাল ধরনের পোশাক। বটমের থেকে বেশি ভিন্নতা আসবে হাতায়। পাফড স্লিভের পোশাক এবার পাবে জনপ্রিয়তা। একটু ফোলানো হাতায় বেশ ভিন্নতা আসবে পোশাকের সঙ্গে সঙ্গে কোল্ড শোল্ডারের জনপ্রিয়তা থাকবে আরো বেশ কিছু দিন। হাতার উপরের অংশের জায়গা ফাঁকা রাখার এ ফ্যাশন চলে যাওয়া বছরে এলেও এবারেও বেশ মাতাবে ফ্যাশন দুনিয়া। বেল স্লিভও রাজত্ব করবে একই সঙ্গে। স্লিভের ঘের বেড়ে যাবে বেশ খানিকটা। অলঙ্করণেও ভিন্নতা পাবে স্লিভ।

নেক লাইনে ভিন্নতা বেশ নজর কাড়ছে। চিরায়ত গোল গলার পরিবর্তনে আমরা ফ্যাশনে পেয়েছি বোট নেক, এবারে নজর কারবে ভিন্ন ধরনের নেকলাইন। জনপ্রিয়তা পাবে এসিম্যাট্রিক্যাল কাটিং।

পোশাকে হাজার রঙ ফুলেল প্রিন্টের জয়জয়কারের সঙ্গে সঙ্গে বেশ জায়গা করে আছে রংধনুর বিন্যাস এবং স্ট্রাইপ। 

লাল-সাদা, সাদা-কালোর মতো বেশ কিছু জুটি বাঁধা রঙের কথা জানি আমরা। বিভিন্ন সময় বিভিন্ন জোড়ার আগমনে এ তালিকা হয়েছে বেশ লম্বা। এবারের ফ্যাশনে এমনই নতুন এক জুটিবদ্ধ রঙ পাবে জনপ্রিয়তা। নজর কাড়বে গোলাপি ও লালের মিশেল। তাছাড়া কালার ব্লকিং ধরনের পোশাকের নকশা এবার থাকবে ফ্যাশনপ্রেমীদের তালিকায়।

মেয়েদের প্যান্টে থাকবে চাপা কাটের চাহিদা। বেল বটম ও পালাজ্জো ধরনের ঢোলা কাটিং বর্ষায় এড়িয়ে যান। নয়তো ঢোলা কাটে কাদাপানিতে অস্বস্তি তৈরি হতে পারে। চাপা প্যান্টে থাকবে লম্বা স্ট্রাইপের ব্যবহার এবং ঢোলা প্যান্টের ক্ষেত্রে থাকবে এক রঙা কাপড়ের ব্যবহার। 

বর্ষার এ সময়টিকে সামনে রেখে ফ্যাশন ব্র্যান্ড মিথ তৈরি করেছে তাদের বর্ষা সংগ্রহ। মিথের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ রহমান বলেন, ‘বর্ষার পোশাকের নকশা করার ক্ষেত্রে আমরা আবহাওয়াকে গুরুত্ব দিয়ে করেছি পরিকল্পনা। ফেব্রিক, প্যাটার্ন, রং এবং অলঙ্করণ সবক্ষেত্রেই আবহাওয়াকে রাখা হয়েছে বিবেচনায়। পোশাক তৈরিতে সিল্ক এবং জর্জেট ফেব্রিক ব্যবহার করা হয়েছে। কেননা এ দুটি ফেব্রিক তেমনভাবে পানি শোষণ করে না। যেহেতু যেকোনো সময়ে বৃষ্টি এসে ভিজিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই এ ধরনের পোশাক বেছে নিতে পারেন নিশ্চিন্তে। এছাড়াও ব্যবহার করা হয়েছে হালকা বুননের কটন, লিলেন, টু টোন কটন, ডাবল জর্জেট ও তসর সিল্কের ব্যবহার। প্যাটার্নের ক্ষেত্রে এবার চিরায়ত প্যাটার্নকে দেওয়া হয়েছে প্রাধান্য। এর সঙ্গে সঙ্গে রয়েছে ফিউশনের ব্যবহার। পরিপাটি অলঙ্করণ করা হয়েছে ফুলেল মোটিফের ব্যবহারে। রঙের ক্ষেত্রে গাঢ় রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। নীলের নানা শেড ব্যবহার হয়েছে। ছাই রঙ, মেরুন, কালো, সবুজ রঙা পোশাক রয়েছে বর্ষা সংগ্রহে। ট্রেন্ডি প্যাস্টেল রঙের পোশাকও রয়েছে।’

ফ্যাশনে জুয়েলারি বেশ গুরুত্বপূর্ণ। গলায় বসে থাকা চোকারের জনপ্রিয়তা থাকবে কিন্তু প্রতিদিনের পোশাকের সঙ্গে নয়, বরং দাওয়াত ও উত্সবের জন্য থাকবে পছন্দের তালিকায়। লম্বা চেইনের ফ্যাশনে এখন ভাটার টান, বরং তার জায়গা এখন নিয়ে নিয়েছে কম দৈর্ঘ্যের চেইন। একটি সরু চেইনের সঙ্গে সঙ্গে একই সঙ্গে দু থেকে তিনটি চেইন নিয়েও তৈরি হচ্ছে নতুন নকশা। সোনালি অথবা রুপালি শুধু নয়, বরং সব ধরনের মেটাল রং এখন ফ্যাশন। চেইনের গঠনগত নকশায় ভিন্নতা আপনাকে করে তুলবে অনন্য। এ ধরনের চেইন যেমন থাকতে পারে আপনার প্রতিদিনের সাজে, তেমনি আপনাকে সঙ্গ দিতে পারে দাওয়াতের সাজে। সঙ্গে যদি সেন্টার পিস অথবা লকেট হিসেবে থাকে তবে আপনাকে লাগবে আরো বেশি আকর্ষণীয়।

এ সময়ের এক অন্যতম অনুষঙ্গ সানগ্লাস। তবে সানগ্লাস মানেই এখন আর কালো কাচে চোখ ঢাকা নয়, বরং হাজার রং এখন হাজির আপনার চোখকে রাঙিয়ে দিতে। প্রিয় রং, মেটালিক পলিশড অথবা একটু স্বচ্ছ রং আপনাকে যেমন রোদে এনে দেবে স্বস্তি তেমনি সাজে আনবে ভিন্নতা। রঙের সঙ্গে সঙ্গে আকারেও এসেছে ভিন্নতা, মুখের আদলের সঙ্গে মিলিয়ে বেছে নিতে হবে আকার। ফ্রেমের ক্ষেত্রেও লক্ষ রাখুন মুখের আদলের সঙ্গে। তবে প্লাস্টিক ফ্রেমের জায়গা এবার অনেকটাই দখল করে নিতে পারে মেটালিক ফ্রেম।

ঘড়ি আবারও বেশ কয়েক বছর ধরে ফিরে এসেছে ফ্যাশনে। তবে এবারের ফ্যাশনে ডায়ালের মাপ কমবে একটু। গোল ডায়ালের পাশাপাশি একটু ভিন্ন আকারের ডায়াল এবারের ফ্যাশনে জনপ্রিয়তা পাবে বেশ। মেটালের চেইনের ঘড়ির সঙ্গে সঙ্গে বেল্টের ঘড়িও বেশ দেখা যাবে এবারে। সাদামাটা ডায়াল নয়, বরং এবারের ডায়ালে ভিন্নতা নিয়ে আসতে থাকবে অলঙ্করণ ও স্টোনের ব্যবহার।

স্লিপার এবং ফিল্প ফ্লপ অন্যতম অনুষঙ্গ। ব্যালেরিনা সুজ বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তবে ফ্যাশন সচেতনদের তালিকার উপরের দিকে নিজের বেশ একটা জায়গা করে নিয়েছে হিলস। খুব সূক্ষ্ম হিল নয়, বরং এবারের ফ্যাশনে আছে একটু মোটা ধরনের হিলস। এক ঘেয়ে ডিজাইন নয়, বরং হিলে করা হচ্ছে বিভিন্ন রকম অলঙ্করণ। মেটাল রঙের একটি হিল তাই রাখুন আপনার সংগ্রহে, যা মানিয়ে যাবে যেকোনো পোশাকের সঙ্গেই।

ছেলেদের পোশাকে ভিন্নতা তেমন দেখা যায় না। দাওয়াতে তাই ফরমাল ছেড়ে পাঞ্জাবি পরতে পারেন। রং হালকা অথবা প্যাস্টেল রাখতে পারেন। তবে গাঢ় রং এ সময়ে আভিজাত্য এনে দেবে। ছিমছাম নকশার পাঞ্জাবি এ সময়ে বেছে নিতে পারেন অনায়াসেই। 

মডেল        মাইশা ও অন্তরা

পোশাক      মিথ

ছবি           তপু রহমান