কুমিল্লায় প্রধান নির্বাচন কমিশনার 

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি। নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে। তবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচন। তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি। তাই স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি, আগামী মার্চ মাসের দুই তারিখ ভোটার তালিকা সম্পন্ন হবে। এরপর বিভিন্ন সংশোধনের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে। আমরা ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তি ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে, বিনা দ্বিধায় ভোট দিতে পারে সে ধরনের পরিবেশ তৈরি করবো। ভোটের প্রতি আগ্রহী করে তুলতে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করব। দীর্ঘ সময় ধরে মানুষের মাঝে ভোট দিতে না পারার ক্ষোভ রয়েছে। নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফেরাতে সবার সহযোগিতা লাগবে।

তিনি আরও বলেন, আমরা চাই- একটা উৎসবের আমেজে মানুষ ভোট দিক। ৯১, ৯৬, ২০০১ সালে উৎসবের ভোট অনুষ্ঠিত হয়েছে। আশা করছি সে ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করব। এ ব্যাপারে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই।

পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কুমিল্লা অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।