বাড়ি ফিরল টেকনাফে অপহৃত ১৯ শ্রমিক, আটক ২ 

কক্সবাজারের টেকনাফে পাহাড়ে র‍্যাব ও বন বিভাগের সদস্যদের দু’দিন অভিযান পরিচালনার মুখে অপহরণের একদিন পর ১৯ শ্রমিককে ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা। এ সময় সন্দেহজনক দু‘জন অপহরণকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফের জাদিমুড়া পাহাড় থেকে তারা ফেরত আসেন। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. তৌহিদ।

তারা হলেন- টেকনাফের হ্নীলা জাদিমুড়ার সালেহ আহমেদের ছেলে ওমর হাসের ও একই গ্রামের  আব্দুলের ছেলে মো. আলী। 

মো. তৌহিদ বলেন, গতকাল সোমবার সকালে টেকনাফের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের কাজ করতে গিয়ে ১৯ শ্রমিক ডাকাতদলের হাতে অপহরণের শিকার হয়। এ ঘটনার পর থেকে র‍্যাব সিপিসি-২ ও সিপিসি-১ এবং পুলিশ ও বন বিভাগের সদস্যসহ স্থানীয়দের সহযোগিতায় টেকনাফের বিভিন্ন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। 

তিনি বলেন, সর্বশেষ পাহাড়ে ড্রোন ব্যবহার করে অপহৃত ভিকটিম ও ডাকাতদলের সদস্যদের শনাক্ত করার চেষ্টা করা হয়। পরবর্তীতে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জাদিমুড়া পাহাড়ে অভিযান পরিচালনাকালে ডাকাতদল আমাদের অভিযানের মুখে অপহৃত শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এ সময় সন্দেহজনক দু’জন অপহরণকারী দলের সদস্যকে আটক করতে সক্ষম হয়। 

তিনি আরও বলেন, অপহৃত ভিকটিমদের চিকিৎসা সেবাসহ তাদের সঙ্গে কথা বলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।