গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেনাপ্রধান

তৃতীয় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী শেষ হয়েছে। গত ২৫ ডিসেম্বর চার দিনব্যাপী এ টুর্নামেন্ট শুরু হয়। 

মঙ্গলবার সন্ধ্যায় আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এ সময় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ আহমেদ আলী, গলফ ক্যাপ্টেন কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, পরিচালক (অপারেশনস অ্যান্ড স্পোর্টস) লেফটেন্যান্ট কর্নেল (অব.) গোলাম মনজুর সিদ্দিকী। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো রেগুলার, ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। টুর্নামেন্টে ৭৭৪ জন গলফার অংশ নেন।

টুর্নামেন্টে কমান্ডার আসাদুজ্জামান নূর ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়াও ভ্যাটারান উইনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুস শহিদ খান, সিনিয়র উইনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব, লেডি উইনার হাফিজা ইমাদ এবং জুনিয়র উইনার মাস্টার খান ফারহান আহমেদ পুরস্কার পান।