আল-জাজিরার সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিন কর্তৃপক্ষ

ফিলিস্তিন কর্তৃপক্ষ বুধবার (১ জানুয়ারি) অনেকটা আকস্মিকভাবে ফিলিস্তিন অঞ্চলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের নিদেশ দিয়েছে। ফিলিস্তিনের সংবাদসংস্থা ওয়াফা জানিয়েছে, ‘উসকানিমূলক কনটেন্ট’ প্রচারের অভিযোগে আল-জাজিরার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ওয়াফা বলছে, ‘ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আল জাজিরার সম্প্রচার, সমস্ত কর্মকাণ্ড এবং ফিলিস্তিনে তাদের অফিস বন্ধ করে দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

ওয়াফার পক্ষ থেকে আরও বলা হয়েছে, আল জাজিরা জোরপূর্বক ফিলিস্তিনের আইন এবং নিয়মকানুন লঙ্ঘন করেছে। এ ছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষের নীতিগত অনুমোদন না পাওয়া পর্যন্ত অনুমোদিত সকল চ্যানেলের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারির কর্মকাণ্ড ও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

আল জাজিরা, মিথ্যা, বিভ্রান্তিকর, উস্কানিমূলক, বিদ্রোহমূলক সংবাদ প্রচার করে সারা বিশ্বে ফিলিস্তিনবিরোধী প্রচারণা চালাচ্ছে, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৈৗমত্বের সুস্পষ্ট লঙ্ঘন- বলে ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে। 

ফিলিস্তিনের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছে আল জাজিরার। সংবাদমাধ্যমটি এই পদক্ষেপকে ইসরায়েলি দখলদারিত্বের সঙ্গে তুলনা করেছে।