দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত

দিনাজপুরের খানসামায় একই দিনে একই স্থানে বিএনপির দুই পক্ষের সমাবেশ নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর এবার দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দিনাজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির নামে নানান অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার সকালে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের মরিয়ম বাজারসহ পর্যায়ক্রমে উপজেলার ছয় ইউনিয়নে একই দিনে ও একই স্থানে জনসমাবেশ করার ঘোষণা দেয় উপজেলা বিএনপির দুই পক্ষ। পরে বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার কোনো ইউনিয়নে সভা সমাবেশ হবে না মর্মে নির্দেশনা দেয়। সেই বিজ্ঞপ্তির পক্ষে-বিপক্ষে ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু করেন দুই পক্ষের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ২০২২ সালে ১৪ মে দিনাজপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হন বখতিয়ার আহম্মেদ কচি। সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল ওই কমিটির সভাপতি নির্বাচিত হন।