জামাল মুসিয়ালার ‘আইডল’ মেসি-নেইমার

বর্তমানে জার্মানি এবং বায়ার্ন মিউনিখের সবচেয়ে বড় অস্ত্র ২১ বছর বয়সী জামাল মুসিয়ালা। জাতীয় দল কিংবা ক্লাবে সবখানে প্রতিপক্ষ ডিফেন্ডারদের আতঙ্কের নামও এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার। নিজের ড্রিবলিং দিয়ে ইতিমধ্যে মন কেড়েছে কোটি ফুটবল ভক্তের। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন মুসিয়ালা।

ড্রিবলিংয়ে নিজের আইডল কে? এতো দিন সেটা না বললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আইডলের নাম প্রকাশ করেছেন এই জার্মান তারকা। তবে একজন নয় জামালের পছন্দের ড্রিবলারের তালিকায় পছন্দে আছেন দুজন। এই তরুণ- তুর্কির পছন্দের তালিকার শীর্ষে আছেন সাবেক দুই বার্সেলোনা তারকা।

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি এবং ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ার। এই দুই তারকাকে নিয়ে জামাল মুসিয়ালা বলেন, 'আমি নেইমারের মতো ড্রিবল করি না, তবে আমি তার আত্মবিশ্বাস পছন্দ করি। মেসির জন্য ড্রিবলিং করা খুবই স্বাভাবিক বিষয়। এই ক্ষেত্রে তার খুব কমই স্টেপওভারের প্রয়োজন হয়। ছোট বেলায় আমি সবচেয়ে বেশি এই দুই ফুটবলারের বেশি ভিডিও দেখতাম।'