ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের ৬ দিন পর এক ব্যক্তির অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তি উপজেলার রামনগর ইউনিয়নের ভোজের ডাঙ্গী গ্রামের বিল্লাল মৃধার ছেলে কামাল মৃধা (৪২)। তিনি পেশায় কৃষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে গত ৩০ ডিসেম্বর কামাল মৃধা নিখোঁজ হন। এর পর থেকে তার সন্ধান পাচ্ছিল না পরিবারের সদস্যরা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, পেঁয়াজের জমি থেকে কামাল মৃধার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গলা কেটে হত্যা করে লাশ ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানোর হয়েছে।