নিজ কার্যালয়ে বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত লাশ, টেবিলে ছিল চিরকুট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান।

মৃত কর্মকর্তার নাম কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেল (৪৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের এডিশনাল ডিরেক্টর (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কর্মকর্তার মৃত্যুর খবর জানাজানি হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। লাশের পাশ থেকে একটি মোবাইল ফোন, চিরকুট, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্রসহ কিছু ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে। চিরকুটে কী লেখা আছে, তা তদন্তের স্বার্থে জানানো হয়নি।

ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি কখন এসেছেন কেউ দেখেনি। তবে ধারণা করা হচ্ছে সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে তিনি অফিসে আসেন। ওই বিভাগের মৌসুমি শ্রমিক সুমন ঘটনাটি প্রথম দেখেছেন বলে জানা যায়। তিনি ৫ আগস্টের আগে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেন।

ঘটনার বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে যায়। দরজা লক ছিল। পরে আমি থানায় জানাই। পুলিশ এসে লক খুলে তার মরদেহ নামিয়ে নেন। পরে ময়নাতদন্তের জন্যে তারা লাশ মেডিকেলে পাঠায়। তবে কি জন্যে আত্মহত্যা করেছে এটি এখনি বলা যাচ্ছে না।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, তিনি (সোহেল) আজকে নির্ধারিত সময়ের আগেই অফিসে এসেছিলেন, তখন অফিসে কেউ ছিল না। তিনি নিজেই তার কক্ষের তালা খুলে প্রবেশ করেছেন এবং আত্মহত্যার উদ্দেশ্যে টেবিলের ওপর উঠেছিলেন। টেবিলে ওঠার পায়ের ছাপ আমরা দেখেছি। ঘটনাস্থলে দুইটি নোট পাওয়া গেছে, যেগুলো পুলিশের কাছে আছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, লাশটি ওই কর্মকর্তার কার্যালয়ের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।