স্ত্রী-সন্তান ও অসুস্থ মাকে রেখে শহরে কাজ করে মুকুল। প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠায়। শহরে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল, তাকে বিয়ে করার কথাও ভাবে। মায়ার জাদুর ঢাকা শহরে গ্রামের কত মেয়ের যে কপাল পুড়ছে, কত মেয়ের যে সংসার ভাঙছে। প্রভাবশালী ইদ্রিস আলীর সঙ্গে পরিচয়ের সুবাদে একসময় অন্ধকার জগতে জড়িয়ে যায় মুকুল। অন্যদিকে গ্রামে থাকা মুকুলের স্ত্রী রুমালিও জড়িয়ে পড়ে অনৈতিক কাজে। অনেক দিন গ্রামে যায় না মুকুল, প্রতি মাসে পাঠানো টাকার পরিমাণও কমিয়ে দেয়। চিন্তায় পড়ে তার স্ত্রী ও মা। মুকুলকে খুঁজতে বেরিয়ে পড়ে রুমালি। জীবনের নানা টানাপোড়েন ও পাপের পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছে ‘অন্ধকারের গান’।
থ্রিলার নির্মাতা হিসেবেই পরিচিত ভিকি জাহেদ। এবার থ্রিলারের সঙ্গে প্রেম যোগ করে তিনি নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’। নির্মাতা একে বলছেন ডার্ক লাভ স্টোরি। সিনেমায় প্রথমবার নির্দেশক ভিকির সঙ্গী হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। সঙ্গে আছেন জাকিয়া বারী মম। বুধবার (৮ জানুয়ারি) মুক্তি পাচ্ছে ‘অন্ধকারের গান’।
জানা গেছে, দীর্ঘ বিরতির পর ভিকি জাহেদের পরিচালনায় আবার একজোট হচ্ছেন তারা। গত মাসে ট্রেলার দেখেই বোঝা যায়, থ্রিলার, রহস্য গল্প দিয়ে আলোচনায় থাকা ভিকি এবার ফিরছেন ভিন্নভাবে।
‘অন্ধকারের গান’-এ অভিনেতা মোশাররফ করিম, মম ছাড়াও আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি প্রমুখ। জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি।