বরিশাল মহানগর বিএনপির দুই প্রভাবশালী নেতার বাড়িতে একযোগে হামলার ঘটনা ঘটেছে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরের বাসায় হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানিয়েছেন।
সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিটি কাউন্সিলর সৈয়দ আকবর জানান, ৩০/৪০টি মোটরসাইকেলযোগে হেলমেট ও টুপি পরিহিত দুর্বৃত্তরা রামদা, চাপাতি ও হকিস্টিকসহ দেশিয় অস্ত্র নিয়ে তার বাসায় হামলা করে। তারা বাসার জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। আলাপ-আলোচনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় সিদ্বান্ত নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিরের পোল থেকে ১২টি মোটরসাইকেলে হেলমেট ও টুপি পরিহিত কয়েকজন কাউনিয়া প্রধান সড়কে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর খান ভিলা নামের বাসায় হামলা করে। তারা বাসার গেট ও ভেতরে প্রবেশ করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় আরও দুটি থ্রি-হুইলারে অজ্ঞাত যুবকরা এসে তাদের সঙ্গে যোগ দেয়। সবাই বিএনপি নেতা লিটুর নাম ধরে গালাগালি করে।
জহিরুল ইসলাম লিটু বলেন, হামলার সময় তার বাসায় থাকায় স্ত্রী ও দুই সন্তান আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার খবর পেয়ে দুই নেতার বাসায় ছুটে যান বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু, বিএনপি মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক তারিন, সরোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ।
মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা হামলা চালিয়েছে নিশ্চিত করে কারো নাম বলতে পারেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।