ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ 

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।  

নিহতদের একজন হলেন ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা আল আকসা। অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন ফাহাদ মাহমুদ ফারাবী নামে এক যুবক। তিনি নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।  

হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, ঘন কুয়াশার মধ‍্যে হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত হন। এছাড়া একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।