বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত রোগীদের মাঝে দাবা, লুডুসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রশাসন। শীর্ষ কর্মকর্তারা বুধবার (৮ জানুয়ারি) বিএসএমএমইউর কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন গণঅভ্যূত্থানে আহত রোগীদের মাঝে বেশকিছু সময় অতিবাহিত করেন এবং তাদের সাথে খেলাধুলায় অংশ নেন।
রোগীরা যাতে একটু মানসিকভাবে স্বস্তিতে থাকেন এবং খেলাধুলা ও বিনোদনের মাঝে ভালোভাবে সময় কাটাতে পারেন সেজন্যই বিএসএমএমইউ প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। এতে করে বিএসএমএমইউতে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত রোগীরা কিছুটা হলেও তাদের উপর ঘটে যাওয়া মেন্টাল ট্রমা থেকে মুক্ত থাকবেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহতদের মধ্যে মোট ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় বিএসএমএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, সহকারী পরিচালক মো. আজিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম কেবিন ব্লকের চারতলার প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত সকল রোগীদের আন্তরিকতার সাথে সর্বাধুনিক উন্নত চিকিৎসা প্রদানসহ সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে গুরুতর আহত রোগীদের বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর চলমান প্রক্রিয়া ত্বরানিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
একই দিন (মঙ্গলবার) আহত রোগীদের চিকিৎসা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে- প্রতিদিন কর্তব্যরত চিকিৎসক ফলোআপ নিশ্চিত করা এবং প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ রাউন্ড দেবেন। ওইদিন পাঁচ জনের চলমান চিকিৎসা পুনর্মূল্যায়ন করে চিকিৎসার নতুন নির্দেশনা দেওয়াসহ একজনের বিষয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। এ সময় রোগীরা আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দেওয়ায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি খাবার ও চিকিৎসার গুণগত মান উন্নত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।