স্প্যানিশ সুপার কাপ

শিরোপা নিয়ে দেশে ফিরতে চান ইয়ামাল

সম্প্রতি মাঠে এবং মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে খুব একটা ভালো সময় যাচ্ছিল না কাতালানদের। তবে মরুর দেশ সৌদি আরবে গেল পরশু রাতটা আশীর্বাদ হয়ে ধরা দেয় বার্সা শিবিরে। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাও-এর বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নতুন বছরের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সুখবর পায় বার্সা। যদিও ধোঁয়াশা কাটেনি পুরোপুরিভাবে। আদালতের চূড়ান্ত রায় আসা পর্যন্ত কাতালানদের জার্সি গায়ে খেলতে পারবেন দানি ওলমো এবং পাউ ভিক্টর। তবে হ্যান্সি ফ্লিকও হয়তো ভাবেনি এমনটা হবে। যার কারণে গেল পরশু রাতের ম্যাচে স্কোয়াডে দুই তারকাকে ছাড়ায় পরিকল্পনা সাজায় বার্সা বস। তাতে সফলও হয়েছেন তিনি। ম্যাচের ১৭ মিনিটে গাভির গোলে লিড পায় বার্সা। 

এরপর ইয়ামালের গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কাতালানরা। এছাড়াও পুরো ম্যাচে দাপটের সঙ্গে লড়াই করেছে স্প্যানিশ জায়ান্টরা। এই জয়ের মধ্য দিয়ে এক মৌসুম পর আবারও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের সুযোগ ইয়ামাল-গাভি-রাফিনিয়াদের সামনে। গেল বছর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরেছিল কাতালানরা। যদিও এই টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ীও দল বার্সালোনা। ১৯৮২ সাল থেকে অনুষ্ঠিত হতে আসা টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১৪ বার শিরোপার স্বাদ পেয়েছে বার্সেলোনা। ১৩ বার জিতে এই তালিকায় ২ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

গোল করে দলকে জেতার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সার তরুণ-তুর্কি লামিন ইয়ামাল। তিনি বলেন, 'আমরা খুব খুশি। শেষ পর্যন্ত লক্ষ্য ছিল জয় নিয়ে মাঠ ছাড়া এবং ফাইনাল নিশ্চিত করা। সেটা করতে পেরে আমরা খুব খুশি।' 

এছাড়াও দানি ওলমো এবং পাউ ভিক্টরকে নিয়ে ইয়ামাল বলেন, 'আমরা খুব খুশি, তারা যেন শেষ পর্যন্ত খেলতে পারে। আশা করি, ফাইনালে তারা আমাদের সঙ্গে থাকবে। যদিও কোচ তাদের খেলার সিদ্ধান্ত নিবেন। আমি আশা করি, দলের জন্য তারা সর্বোচ্চটুকু দিবেন। আমি তাদের দুই জনের জন্য খুব খুশি। আপনি যখন খেলতে পারবেন না তখন নার্ভাস বোধ করবেন এবং এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন এই ধরনের খবর পান, তখন আপনি আনন্দিত হন। আমরা সবাই তাদের জন্য আনন্দিত।' 

এছাড়াও ফাইনাল ম্যাচ নিয়েও আশাবাদী লামিন ইয়ামাল। বলেন, 'এটি খুব কঠিন ম্যাচ হবে। তবে আমরা আশা করি, এটি আমরা জিতব এবং শিরোপা নিয়ে দেশে ফিরবো।'